কর্মকর্তাদের অফিস সময়সূচী মানার নির্দেশ

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
কর্মকর্তাদের অফিস সময়সূচী মানার নির্দেশ

এস এম আরিফুল হাসান, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই সেবা প্রাপ্তি সহজ করতে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কঠোরভাবে অফিস সময়সূচী মেনে চলতে হবে। সরকারি চাকুরিজীবীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে, কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না।

আজ সোমবার (২৯ জুন) বেলা ১২টায় শিবপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র দেব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নতুন অফিস কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিস ও শিবপুর মডেল থানা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত কৃষি উপকরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, স্বাবলম্বী হওয়ার জন্য নারীদের মাঝে সেলাই মেশিন এবং দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন