কটিয়াদীতে কৃষি ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষি ও পল্লী রূপান্তর বিষয়ক বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভা “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ (পার্টনার কংগ্রেস-২০২৬)” অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) কটিয়াদী উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হারুনুর রশিদ। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। কৃষির প্রথাগত উন্নয়নের পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং নতুন উদ্যোক্তা তৈরি দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই পার্টনার কংগ্রেস-২০২৬ এর মাধ্যমে কৃষি খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে, যা কটিয়াদী উপজেলার কৃষি বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
এআইএল/সকালবেলা
|