দীঘিনালায় লোকালয় থেকে অজগর উদ্ধার
রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় লোকালয় থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি দেশীয় অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
আজ সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটি অক্ষত ও নিরাপদে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পূর্ব হাচিনসনপুর এলাকার এক ব্যক্তি নালায় বসানো রিং জালে মাছ দেখতে যান। এ সময় তিনি জালের ভেতর বিশাল আকৃতির একটি সাপ আটকে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা সতর্কতার সাথে সাপটিকে জাল থেকে বের করে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী রক্ষায় মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহর নেতৃত্বে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিজেদের হেফাজতে নেয়।
বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া সাপটি প্রায় ৮ ফুট দীর্ঘ এবং এটি একটি দেশীয় প্রজাতির অজগর। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত পাহাড়ি গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।
মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ বলেন, "উদ্ধারকৃত সাপটি দেশীয় প্রজাতির অজগর। চট্টগ্রাম অঞ্চলে এই সাপের দেখা মিললেও দীঘিনালা এলাকায় আমাদের জানা মতে এবারই প্রথম এ প্রজাতির অজগর উদ্ধার হলো। বন্যপ্রাণীটি কোনো আঘাত বা ক্ষতি ছাড়াই উদ্ধারে স্থানীয়রা যথেষ্ট সচেতনতার পরিচয় দিয়েছেন।" তিনি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা পিটিয়ে না মেরে তাৎক্ষণিক বন বিভাগকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|