নাসিরনগরে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
নাসিরনগরে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সুলভ মূল্যের পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ— তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও নিয়মের তোয়াক্কা না করে সিরিয়াল ভেঙে ডিলার ও সংশ্লিষ্টদের পরিচিত ব্যক্তিদের আগে পণ্য দিয়ে দেওয়া হচ্ছে। এ সময় পণ্য বিতরণস্থলে শৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো গ্রাম পুলিশ বা তদারকি কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলেও ভুক্তভোগীরা দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী কার্ডধারীদের দাবি, টিসিবির পণ্য বিতরণে কোনো ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় প্রকৃত নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরছেন। এদিকে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে যে, কিছু অসাধু ব্যক্তি টিসিবির স্বল্পমূল্যের চাল, ডাল ও তেল তুলে বিতরণস্থলের আশেপাশেই তা চড়া দামে সাধারণ বাজারে বিক্রি করে দিচ্ছেন। এর ফলে সরকারের এই জনকল্যাণমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে।

এ বিষয়ে জানতে চাপরতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিতরণস্থলে কোনো বিশৃঙ্খলা কাম্য নয়। যারা টিসিবির সরকারি পণ্য তুলে বাইরে বিক্রি করে দিচ্ছে, তাদের শনাক্ত করে কার্ড জব্দ করার জন্য এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিতরণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত গ্রাম পুলিশ পাঠানো হচ্ছে।"

অন্যদিকে, টিসিবির কেন্দ্রীয় হটলাইন নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও আইন পরিপন্থী। টিসিবির পণ্য শুধুমাত্র সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের সরাসরি ভোগের জন্য দেওয়া হয়। যারা এই পণ্য তুলে কালোবাজারে বা বাইরে বিক্রি করছেন, তারা দণ্ডনীয় অপরাধ করছেন। আমরা নাসিরনগরের এই সুনির্দিষ্ট অভিযোগটি নথিভুক্ত করেছি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদন্ত করে ডিলার ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

চাপরতলা ইউনিয়নের সচেতন মহল ও ভুক্তভোগী জনসাধারণের দাবি, টিসিবির পণ্য বিতরণে স্বজনপ্রীতি ও কালোবাজারি বন্ধ করতে উপজেলা প্রশাসনের কঠোর ও সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের কাছে যেন সরকারি এই ভর্তুকির সুবিধা পৌঁছায়, তা নিশ্চিত করতে অনিয়মে জড়িতদের ডিলারশিপ বাতিলসহ দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন