ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামি আটক

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামি আটক

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজল হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর দুঃসম্পর্কের ভাগনে মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। ঋণের টাকা পরিশোধ করতে প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে চিনে ফেলায় তিনি এই হত্যাকাণ্ড ঘটান।

আজ সোমবার (২৯ জুন) সকাল ৭টায় ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে ফেনী র‍্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মেঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, তিন সন্তানের জননী কুলসুম কাজল তাঁর দুই বছরের সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গত ২৬ জুন গভীর রাতে আরিফুল ইসলাম ঋণের টাকা জোগাড় করতে ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়ির ছাদের সিঁড়িঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় মামি কুলসুম কাজল টের পেয়ে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আরিফুল তাঁর হাত-পা ও মুখ বেঁধে ধারালো ও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাঁকে নৃশংসভাবে হত্যা করেন। তবে ঘরে থাকা দুই বছরের শিশুটির কোনো ক্ষতি করা হয়নি।

ভোরে স্থানীয় লোকজন ফজরের নামাজ পড়তে বের হলে ঘর থেকে কুলসুম কাজলের গোঙানির শব্দ শুনতে পান। প্রতিবেশীরা বাড়িতে ঢুকতে গেলে খুনি আরিফুল ইসলাম পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যান। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা ফুলগাজী থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করলে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে।

র‍্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মেঃ মিজানুর রহমান জানান, ঘটনার ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন