কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে ঢামেকে নেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তিনি কারাবন্দি থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা বোধ করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সাবেক এই মন্ত্রীর অসুস্থতা ও হাসপাতালে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি গণমাধ্যমকে জানান, মুন্সীগঞ্জ কারাগারে থাকা ডা. দীপু মনি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় কারা পুলিশ সকালের দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় কিছু প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (চেক-আপ) সম্পন্ন করেন। চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে কোনো গুরুতর জটিলতা না থাকায় কারা কর্তৃপক্ষ তাকে পুনরায় কড়া নিরাপত্তায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যায়।
|