আর্জেন্টিনা ভক্ত আওয়ামী লীগ নেতা কারাগারে
মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ও মেসির প্রতি ভালোবাসার কারণে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত ইউপি সদস্য মো. আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. আজাদ সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)। একই সঙ্গে তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগেও রাজনৈতিক সহিংসতা ও নাশকতা মামলায় তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় একজন সাধারণ চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল এবং বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি চরম অন্ধভক্ত ও ভালোবাসার কারণে আজাদ মেম্বার দেশব্যাপী ব্যাপক পরিচিতি পান। তিনি নিজের বসতবাড়ি, চায়ের দোকান ও আশপাশের পুরো এলাকাকে আর্জেন্টিনার পতাকার রঙে আকাশী-সাদা সাজিয়ে এলাকায় ‘আর্জেন্টিনা নগর’ নাম দিয়ে তুমুল আলোচনায় আসেন। চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে পুরো এলাকাবাসীকে বড় ধরনের ভোজ (খাওয়ানোর) দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ফুটবলপ্রেমী হিসেবে এই ব্যতিক্রমী কাণ্ডের কারণে জাতীয় পর্যায়ের বিভিন্ন মূলধারার গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও সাক্ষাৎকার দিয়ে প্রশংসিত হন তিনি।
তবে ফুটবলপ্রেমের অন্তরালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে উসকানিমূলক তৎপরতা ও অনলাইন প্রচারণার সাথে যুক্ত থাকার অভিযোগে আজ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আসামি আজাদ মেম্বারের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দুপুরে সেনবাগ বাজার থেকে গ্রেপ্তারের পর আজ বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।"
এআইএল/সকালবেলা
|