সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ পরিচালিত ওই হেলিকপ্টারটির সব আরোহীই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আজ রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ রাস তানুরায় এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ (SPA) দেশের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে রাস তানুরা এলাকায় সৌদি আরামকোর কর্মীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৪ জন আরোহী ছিলেন এবং তাঁরা সবাই সৌদি নাগরিক। দুর্ঘটনার পরপরই আরোহীদের সবার মৃত্যু নিশ্চিত করে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর এই হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করেছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, রাস তানুরা পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি অন্যতম প্রধান তেল উৎপাদন ও রপ্তানি হাব হিসেবে পরিচিত। গত শুক্রবারই দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর এই টার্মিনালটি থেকে অপরিশোধিত তেল লোডিংয়ের কাজ পুনরায় শুরু করেছিল আরামকো।

মন্তব্য করুন