বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ধস, ভোগান্তিতে ৫ ইউনিয়নের মানুষ

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ধস, ভোগান্তিতে ৫ ইউনিয়নের মানুষ

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন জনগুরুত্বপূর্ণ একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এর ফলে ওই অঞ্চলের ৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২৭ জুন) দুপুরে ‘এমভি রাইয়ান’ নামের একটি বালুবাহী বাল্কহেড ইলুহার ইউনিয়নের জনতাহাট ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের আয়রন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের মাঝের অংশ ভেঙে খালে ধসে পড়ে এবং বাল্কহেডটি ভেঙে পড়া কাঠামোর নিচে আটকে যায়।

দুর্ঘটনার পর ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন তাৎক্ষণিকভাবে বিষয়টি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমানকে অবহিত করেন। ইউএনও’র নির্দেশে ভেঙে পড়া ব্রিজের নিচ থেকে বাল্কহেডটি উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় আটকে রাখা হয়েছে। জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার নান্দুহার গ্রামের বাসিন্দা রাজিব এই বাল্কহেডটির মালিক। আজ রবিবার (২৮ জুন) বিকেলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান ভেঙে পড়া ব্রিজটি পরিদর্শনে যান।

স্থানীয়রা জানান, ভেঙে পড়া ব্রিজটি এই অঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম ছিল। বানারীপাড়ার ইলুহার ও উদয়কাঠীসহ পার্শ্ববর্তী ৫টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানে করে স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন বাজার, হাসপাতাল, ক্লিনিক এবং স্কুল-কলেজ-মাদরাসায় যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, রোগী ও শিক্ষার্থীরা। তারা অবিলম্বে এই স্থানে একটি নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এলজিইডির বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, "ব্রিজটি আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। গত ২০২৪ সালেই এটিকে পরিত্যক্ত ঘোষণা করে এখানে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য ঢাকা প্রধান কার্যালয়ে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এখন যেহেতু বাল্কহেডের ধাক্কায় এটি পুরোপুরি ভেঙে গেছে, তাই স্থানীয় সংসদ সদস্যের (এমপি) মাধ্যমে নতুন করে জরুরি প্রস্তাবনা পাঠিয়ে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।"

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান এ প্রসঙ্গে বলেন, "ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল। এলজিইডির সঙ্গে সমন্বয় করে জনসাধারণের যাতায়াত সচল করতে এবং যত দ্রুত সম্ভব নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন