ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান এবং তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পাকিস্তান এখন প্রতিবেশী ইরান থেকে সস্তায় জ্বালানি তেল ও গ্যাস আমদানির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। আজ রোববার (২৮ জুন) পাকিস্তানের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, “গত এপ্রিল মাসে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের চরম পর্যায়ে পাকিস্তানে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ৪৬০ রুপিতে পৌঁছেছিল। তবে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসায় এখন দেশের বাজারেও স্বস্তি ফিরতে শুরু করেছে।”

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই চুক্তিতে মূলত পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করেছিল। এই চুক্তির আওতায়, পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইরানের অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাত রপ্তানিসহ এই সংক্রান্ত ব্যাংকিং লেনদেন, বিমা ও পরিবহণের মতো সব পরিষেবার ক্ষেত্রে মার্কিন অর্থ দপ্তরের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

আলী পারভেজ মালিক বলেন, “প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক বাজারের এই সুফল অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে দেশের জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। ভোক্তাদের এখন যে বিশেষ অর্থনৈতিক স্বস্তি দেওয়া হয়েছে, তা বিশ্ববাজারে দাম কমার হারের চেয়েও অনেক বেশি।”

মন্ত্রী আরও জানান, দেশের জ্বালানি তেলের দাম আরও কমানোর বিষয়ে সরকার অত্যন্ত সক্রিয় রয়েছে। বিদ্যমান আন্তর্জাতিক চুক্তির কাঠামোর মধ্যে থেকে বিশ্ববাজার স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে দাম আরও কমিয়ে আনা হবে। 

মন্তব্য করুন