দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ স্ত্রীকে দেখতে কাতার থেকে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ‘হত্যা মামলায়’ গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাছির আদনান।
গতকাল শনিবার (২৭ জুন) রাত তিনটার দিকে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার (২৮ জুন) তাঁকে দেবিদ্বার থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাছির আদনান দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) এবং দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বাছির আদনানের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা এবং আবু বকর নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলা রয়েছে। তিনি ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁর বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট ও মামলার বিষয়টি সামনে আসে। এরপরই তাঁকে হেফাজতে নিয়ে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রটি আরও জানায়, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক এই কাউন্সিলর গোপনে দেশ ত্যাগ করে কাতারে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখার জন্য তিনি কাতার থেকে দেশে আসেন। কিন্তু বিমানবন্দর ত্যাগ করার আগেই ইমিগ্রেশন পুলিশের জালে ধরা পড়েন তিনি।
এ বিষয়ে কুমিল্লার দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আমাদের কাছে হস্তান্তর করার পর আজ রোববার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
|