২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় ও মৌ খানের ‘স্নেহের বন্ধন

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় ও মৌ খানের ‘স্নেহের বন্ধন

বিনোদন ডেস্ক: কোরবানির ঈদের দীর্ঘ প্রায় দুই মাস পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে নতুন চলচ্চিত্রের জোয়ার ফিরতে শুরু করেছে। গত শুক্রবার ‘মাস্তুল’ ও ‘বাপজান’ মুক্তির পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার বড় পর্দায় আসছে নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’। আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত এই চলচ্চিত্রটি।

কামরুজ্জামান পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই দেশের ২০টিরও বেশি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক মো. শাহ আলম। দীর্ঘদিন পর পারিবারিক আবহ ও আবেগের ওপর নির্মিত একটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহ মালিক ও সংশ্লিষ্টরা দারুণ আশাবাদী।

সিনেমাটির মূল ভাবনা ও কাজের অভিজ্ঞতা নিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, “একেবারে বিশুদ্ধ পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। একটা সময় আমাদের দেশে এই ধরনের সম্পর্কের ছবিই দর্শকেরা দলে দলে প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করতেন। কিন্তু গত কয়েক বছরে অ্যাকশনের নামে পর্দায় মাত্রাতিরিক্ত ভায়োলেন্স দেখানোর প্রবণতা বেড়েছে, যা সার্বিকভাবে সমাজের জন্যও ক্ষতিকর।”

জয় আরও যোগ করেন, “আমার দৃঢ় বিশ্বাস, দর্শক এখনো পারিবারিক ও ভালো কাহিনির সিনেমা দেখতে ভালোবাসেন। আশা করছি, এই ছবির মাধ্যমে নির্মাতারা আবারও নব্বইয়ের দশকের সেই কালজয়ী পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে উৎসাহিত হবেন।”

প্রযোজক মো. শাহ আলমের মতে, পারিবারিক বন্ধন, গভীর আবেগ এবং সম্পর্কের নিখাদ টানাপোড়েন নিয়ে নির্মিত ‘স্নেহের বন্ধন’ সাধারণ দর্শকদের হৃদয় স্পর্শ করবে। ঈদ-পরবর্তী এই দীর্ঘ স্থবিরতা কাটিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিবাচক ও সফল বাণিজ্য করবে বলেই প্রত্যাশা তাঁর।

মন্তব্য করুন