আলিবাবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’ উন্মুক্ত

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
আলিবাবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’ উন্মুক্ত

অনলাইন ডেস্ক: চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’ প্রকাশ করেছে। গত রবিবার (১৫ নভেম্বর) মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি বিশ্বজুড়ে চলমান এআই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে এবং জটিল পেশাগত ও বৈজ্ঞানিক কাজ আরও নিখুঁতভাবে করতে সক্ষম হবে। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় মডেলটির সুরক্ষাব্যবস্থাও বিশেষভাবে উন্নত করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলিবাবার দাবি অনুযায়ী নতুন এই মডেলটি দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল, প্রযুক্তিগত ও পেশাগত কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এর মধ্যে রয়েছে ত্রিমাত্রিক (3D) নকশা তৈরি, ভিডিও গেম ডেভেলপমেন্ট, সূক্ষ্ম যন্ত্রাংশের নিখুঁত নকশা ও উৎপাদন, অর্থনীতি, আইন, স্বাস্থ্যসেবা এবং উন্নত বৈজ্ঞানিক গবেষণা। বর্তমানে বিশ্বজুড়ে শক্তিশালী ও সাশ্রয়ী ওপেন-সোর্স এআই মডেল তৈরির দৌড়ে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মডেলগুলোর কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি সেগুলো পরিচালনার খরচ কমানোর এই তীব্র প্রতিযোগিতায় দিন দিন প্রযুক্তি বাজার আরও গতিশীল হচ্ছে।

আলিবাবা জানিয়েছে, গত আগস্টে প্রকাশিত তাদের পূর্ববর্তী ‘কিয়েন-৩.৮-ম্যাক্স’ মডেলটির তুলনায় নতুন ‘কিয়েন-৪-ম্যাক্স’ আরও উন্নত ও কার্যকর। বিশেষ করে এটি তুলনামূলক কমসংখ্যক টোকেন ব্যবহার করেই বড় ও জটিল কাজ সম্পন্ন করতে পারে। ফলে গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য মডেলটি ব্যবহার করার খরচও অনেক কমে আসবে।

নতুন এই মডেলটির প্রশিক্ষণের সময় উন্নত কোডিং পদ্ধতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষা করেছে আলিবাবা। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, এসব কঠোর পরীক্ষার মাধ্যমে কোডের ভেতর ক্ষতিকর নির্দেশনা বা ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া, মেমোরির নিরাপত্তায় ত্রুটি এবং ব্যবহারকারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দুর্বলতার মতো ঝুঁকিগুলো সফলভাবে কমানো হয়েছে।

এছাড়া সাইবার অপরাধ এবং বিপজ্জনক বা সংবেদনশীল পদার্থ-সংক্রান্ত কাজে মডেলটির সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে এর নিরাপত্তাব্যবস্থা আরও কড়া করা হয়েছে। আলিবাবা নিশ্চিত করেছে যে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষায় মডেলটির মধ্যে বড় ধরনের কোনো উচ্চঝুঁকিপূর্ণ সক্ষমতার অস্তিত্ব পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না এবং এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে কি না—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দিন দিন বাড়ছে। এমন এক সংবেদনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে চীনের এআই নির্মাতারা নতুন যেকোনো মডেল প্রকাশের সময় সেগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং গভর্ন্যান্স সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি তথ্য প্রকাশ করছে।

সকালবেলা/নুসরাত