ইউক্রেন যুদ্ধে সাড়ে চার লাখ রুশ সেনা নিহত
অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক প্রাণহানির ভয়াবহ ও গোপন চিত্র এবার প্রকাশ্যে এসেছে। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি রুশ নাগরিক নিহত হয়েছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হওয়া গোপন তথ্য থেকে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ওয়েবসাইট ও আঞ্চলিক পোর্টালগুলোতে জোরালো সাইবার হামলা চালায় ‘বেলারুশিয়ান সাইবার পার্টিজানস’ ও ‘সাইলেন্ট ক্রো’ নামের দুটি হ্যাকার গ্রুপ। রাশিয়ায় নিষিদ্ধঘোষিত এই দুটি দল দাবি করেছে যে, তারা রাশিয়ার অর্থনীতি, জনসংখ্যাতাত্ত্বিক পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধে প্রাণহানির সঠিক তথ্যসহ বিশাল পরিমাণ গোপন নথি চুরি করেছে। যদিও রসস্ট্যাট পরবর্তীতে সাইবার হামলার কথা স্বীকার করলেও তাদের কোনো সংবেদনশীল তথ্যভান্ডার হ্যাক হয়নি বলে দাবি করেছিল। তবে দ্য মস্কো টাইমস স্বাধীনভাবে কিছু মৃত্যুর নমুনা যাচাই করে ফাঁস হওয়া তথ্যের সঙ্গে মিল খুঁজে পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই তথ্য ফাঁসের ঘটনাটি রুশ হতাহতের বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য দলিল। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ সোভিয়েত-আফগান যুদ্ধে প্রায় ১৩ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন। ইউক্রেন যুদ্ধে রুশ প্রাণহানির সংখ্যা সেই ঐতিহাসিক হিসাবকে বহুগুণে ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে দখল করা প্রতি এক কিলোমিটার ভূখণ্ডের বিপরীতে গড়ে ৬.২ জন রুশ সেনার মৃত্যু হয়েছে। যুদ্ধের সময় দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ভূখণ্ড দখলের চড়ামূল্য দিতে হচ্ছে মস্কোকে। এছাড়া এই সংখ্যায় নিখোঁজ সেনা ও রুশ বাহিনীতে চুক্তিতে নিয়োগ পাওয়া প্রায় ২৭ হাজার বিদেশি যোদ্ধার মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে প্রকৃত প্রাণহানি আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের এই ভয়াবহতা রাশিয়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর ওপরও মারাত্মক প্রভাব ফেলছে, যা অনেককে নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে ফেলেছে।সূত্র: মস্কো টাইমস
সকালবেলা / নুসরাত