জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার

অনলাইন ডেস্ক: ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি তার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিতে যাচ্ছেন বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে ইতিহাস গড়বেন।

রোববার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক নৈশভোজে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এই সিদ্ধান্তের কথা জানান। ইলসে আইগনার জার্মানির বাভারিয়ান রাজ্যভিত্তিক প্রভাবশালী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) একজন জ্যেষ্ঠ সদস্য, যা সিডিইউর অন্যতম ঘনিষ্ট মিত্র দল হিসেবে পরিচিত। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর যৌথ বৈঠকে তার মনোনয়ন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এছাড়া ক্ষমতাসীন জোটের শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এরই মধ্যে প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় একটি বিশেষ নির্বাচনী সংস্থা ‘ফেডারেল কনভেনশন’-এর মাধ্যমে, যেখানে ফেডারেল পার্লামেন্টের আইনপ্রণেতাদের পাশাপাশি রাজ্যগুলোর প্রতিনিধিরাও অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সাল থেকে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। পাঁচ বছর মেয়াদের দুই মেয়াদ শেষে আগামী ২০২৭ সালের মার্চের তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। উল্লেখ্য, জার্মানির রাষ্ট্রব্যবস্থায় প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি দেশের আইনগুলোতে স্বাক্ষর করেন, মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ দলীয়ভাবে প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে চ্যান্সেলর মের্জ শুরুতে অন্য কাউকে প্রার্থী করার কথা চিন্তা করায় সিডিইউ তার প্রতি সমর্থন জানাতে কিছুটা সময় নেয়, যার ফলে দুই মিত্র দলের মধ্যে সাময়িক টানাপোড়েনও তৈরি হয়েছিল।

স্থানীয় রাজনীতির মাধ্যমে নিজের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা ইলসে আইগনার ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সফলভাবে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় রাজনীতি থেকে বাভারিয়ার রাজনীতিতে ফিরে আসার পর ২০১৮ সাল থেকে তিনি রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সূত্র: আল–জাজিরা

সকালবেলা /