বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: প্রতিমন্ত্রী পুতুল
মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, "সরকারের ১৮০ দিনের অন্যতম অর্জনে অন্যতম হলো বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তনের পর আতঙ্ক বা দখলদারিত্বের আশঙ্কা থাকলেও ৫ আগস্টের পর সরকার দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পাহারা দিয়েছে। বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে।"
তিনি আরও জানান, বিগত সরকার দেশকে যে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে, সেখান থেকে বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা ও দুর্নীতিসহ বিভিন্ন সমস্যার টেকসই সমাধানে কাজ চলছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে যোগ্য ব্যক্তিদের ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এছাড়া চলনবিলকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ১৪টি বেসরকারি এতিমখানা ও ৭টি সামাজিক সংস্থার মাঝে মোট ৩০ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|