জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : ফারজানা শারমীন

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ণ
জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : ফারজানা শারমীন

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতি সমুন্নত রেখে জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ফারজানা শারমীন বলেন, “বর্তমান বাজেটটি দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এর বাস্তবায়নে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।”

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ থেকে ২০ বছরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে বর্তমান সরকার সম্মিলিত প্রচেষ্টায় ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রণালয়কে গতিশীল করতে আমরা কাজ করছি। আমাদের দলের সিগনেচার প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড ও যুব কর্মসংস্থানসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”

নিজের নির্বাচনী এলাকা নাটোরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলো সঠিক ব্যবহারের আওতায় আনতে হবে। বালুমহাল কেন্দ্রিক শক্তিশালী সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে তিনি প্রস্তাব করেন, চরগুলোতে সোলার প্যানেল বা রিনিউয়েবল এনার্জি হাব স্থাপন করা হলে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।

সবশেষে, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন