৭৫ মিনিটে ৩ বার সহ মোট ৪ বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
অনলাইন ডেস্ক: শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চারবার ভূকম্পনে কেঁপে উঠেছে বাংলাদেশ। এর মধ্যে শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি এবং রবিবার (৪ অক্টোবর) ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের প্রধান উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারতের সীমান্তঘেঁষা মিজোরাম ও ত্রিপুরা রাজ্য।
ইএমএসসি-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে প্রথম ভূকম্পনটি আঘাত হানে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় সৃষ্ট রিখটার স্কেলে ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চল মৃদু থেকে মাঝারি শক্তিতে কেঁপে ওঠে।
মিয়ানমারের এই ভূমিকম্পের ঠিক এক মিনিট পর অর্থাৎ ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫.০ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর প্রভাবে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক জেলায় প্রবল কম্পন অনুভূত হয়।
পরবর্তীতে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ও ডালাই এলাকায় ৩.৮ মাত্রার তৃতীয় ভূকম্পনটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যানুযায়ী, এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
এদিকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৪টায় ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪.৮ মাত্রার চতুর্থ ভূমিকম্পটি রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পরপর কয়েক দফা ভূকম্পনে গভীর রাতে দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত দেশে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।