শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক

অনলাইন ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক মালয়েশিয়ান নাগরিকের কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি (সাড়ে চার কেজি) অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দকৃত এই ২৪ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, একটি গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে রবিবার কুয়ালালামপুর থেকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-০১৯৬’ (MH-0196) ফ্লাইটে আসা যাত্রী মি. ইয়াং ডন সিউ (৪৩)-কে কাস্টমস ও গোয়েন্দা দল কড়া নজরদারিতে রাখে। ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর থেকেই ওই বিদেশিকে অনুসরণ করা হয়।

পরবর্তীতে ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় কাস্টমস ব্যাগেজ কাউন্টারে তাকে আটক করা হয়। এরপর গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শার্টের নিচে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলোর সন্ধান মেলে।

ঢাকা কাস্টমস হাউসের দেওয়া তথ্য মতে, ১ কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি— মোট ৯টি বিশুদ্ধ ২৪ ক্যারেটের স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। অত্যন্ত অভিনব কায়দায় কালো কাপড়ের একটি বিশেষ বেল্টে মুড়িয়ে শার্টের নিচে পেটের সঙ্গে পেঁচিয়ে এসব স্বর্ণ বহন করছিলেন ওই মালয়েশিয়ান যাত্রী।

কাস্টমস কর্মকর্তারা আরও জানান, ওই বিদেশি যাত্রী বিমানবন্দরে নামার পর কাস্টমস চত্বরে কোনো ব্যাগেজ ডিক্লেয়ারেশন দেননি। একইসঙ্গে উদ্ধারকৃত স্বর্ণের বৈধ মালিকানা সংক্রান্ত ‘কাস্টমস আইন ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী কোনো বৈধ নথি বা দলিল প্রদর্শন করতে ব্যর্থ হন।

পরবর্তীতে আইনগত কার্যক্রম নিশ্চিতের উদ্দেশ্যে ‘কাস্টমস আইন ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণের চালানটি সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত বিদেশি যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।