বার্ষিক হিসাব সমাপনী: আজ দিনভর জ্বালানি তেল সরবরাহ বন্ধ

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
বার্ষিক হিসাব সমাপনী: আজ দিনভর জ্বালানি তেল সরবরাহ বন্ধ
বার্ষিক সমাপনী কার্যক্রমের কারণে আজ দেশের সব তেল ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে। (প্রতীকী ছবি)

জাতীয় প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর বার্ষিক মজুত গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে আজ বুধবার (১ জুলাই) দেশের সব তেল ডিপো এবং প্রধান প্রধান স্থাপনা থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম দিনভর বন্ধ থাকবে। তবে জরুরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে বিশেষ ও বিকল্প ব্যবস্থায় বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল (Jet A-1) সরবরাহ চালু রাখা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক জরুরি অফিস আদেশের মাধ্যমে দেশজুড়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, প্রতি বছরের নিয়ম অনুযায়ী এবারও বিপিসির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানির প্রধান স্থাপনা এবং আঞ্চলিক ডিপোগুলোতে রক্ষিত জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই তারিখটি নির্ধারণ করা হয়েছে।

এই হিসাবসংক্রান্ত কারিগরি কারণে চট্টগ্রামের প্রধান তেল স্থাপনাসহ দেশের সব বিভাগীয় ও আঞ্চলিক ডিপো এবং তেল সরবরাহকারী স্থাপনায় দিনভর সাধারণ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন) সরবরাহ এবং খুচরা বিপণন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত বছরের শেষভাগের সামগ্রিক সমাপনী কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল, স্বচ্ছ ও নিখুঁতভাবে সম্পন্ন করতেই এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে বিশেষভাবে উল্লেখ করা হয়।

তবে দেশের এভিয়েশন সেক্টর বা বিমান চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন বা সিডিউল বিপর্যয় না ঘটে, সে জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট ডিপোগুলোর জেট এ-১ (Jet A-1) বা বিমানের জ্বালানি মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম অন্য সব তেলের চেয়ে সবার আগে এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই যাচাই সম্পন্ন হওয়ার সাথে সাথেই দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ পুনরায় সচল করা হবে, যাতে দেশি-বিদেশি এয়ারলাইন্সের বিমান উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক থাকে। ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে দেশজুড়ে পুনরায় নিয়মিত জ্বালানি তেল সরবরাহ ও ডিপোগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন