জুলাই ট্রাইব্যুনালের ৫ম রায়: তিন পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে নৃশংসভাবে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধে সংশ্লিষ্টতার দায়ে অপর এক পুলিশ সদস্যকে যাবজ্জীবন এবং একজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (২৮ জুন) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন— বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় এটি ট্রাইব্যুনালের পঞ্চম মামলার রায়।
সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামি হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান (এর আগে চানখাঁরপুলের গণহত্যার মামলাতেও তাঁর মৃত্যুদণ্ড হয়েছে), ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
মামলায় রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি বর্তমানে পলাতক। এছাড়া রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে আছেন এবং আজ রায় ঘোষণা উপলক্ষে তাঁকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।
|