সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ
সকালবেলা অনলাইন: রাষ্ট্রায়ত্ত আরও তিনটি প্রধান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
পৃথক চিঠিতে সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিলে সরকারের সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোর পর্ষদকে।
এর আগে গত সেপ্টেম্বরে প্রথম দফায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। এর মাধ্যমে মোট ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ পদে রদবদল ঘটল। তা ছাড়া সম্প্রতি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১০ জন পর্ষদ পরিচালককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা