দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ও ১ নম্বর সংকেত
অনলাইন ডেস্ক: দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে বুধবার (২২ জুলাই) সন্ধ্যার মধ্যে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এসব অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়।
পূর্বাভাসে জানানো হয়— খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
|