ববি শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
ববি শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে মেসের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরবর্তীতে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।

সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও সহপাঠী শিক্ষার্থীরা দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, "লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি আত্মহত্যা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

পুলিশ আরও জানিয়েছে, নিহত উচ্ছ্বাস কর্মকারের বাড়ি খুলনা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের ‘শশী ভিলা’ নামের একটি ফ্ল্যাট বাসায় একাই থাকতেন। আত্মহত্যার মূল কারণ এখনও জানা যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন