হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬: শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও পেছাল বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬: শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও পেছাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ভ্রমণ ও আগাম ভিসামুক্ত সুবিধার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান 'হেনলি অ্যান্ড পার্টনার্স' মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে জুলাই ২০২৬-এর যে সর্বশেষ সূচক প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে।

এর আগে চলতি বছরের জানুয়ারি সংস্করণে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম স্থানে। সেখান থেকে দুই ধাপ পিছিয়ে বর্তমানে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই বৈশ্বিক সূচক তৈরি করা হয়েছে।

কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল (গন্তব্যে পৌঁছানোর পর) ভিসা সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন—তার ওপর ভিত্তি করেই এই সূচক নির্ধারণ করা হয়।

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে কোনো আগাম ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারছেন। তবে ২০২৬ সালের শুরু ও ২০২৫ সালের সূচকে এই সংখ্যাটি ছিল ৩৭। অর্থাৎ গত ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি অন-অ্যারাইভাল বা ভিসামুক্ত সুবিধার গন্তব্য হারিয়েছে।

অবশ্য অন-অ্যারাইভাল দেশের সংখ্যা কমলেও বিগত বছরগুলোর তুলনায় সূচকে বাংলাদেশের অবস্থান সামগ্রিকভাবে কিছুটা ইতিবাচক। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, যা থেকে জুলাই সংস্করণে তিন ধাপ উন্নতি দেখা যাচ্ছে। ঐতিহাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়—২০২০ সালে বাংলাদেশ ৯৮তম, ২০২১ সালে ১০৮তম, ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম, ২০২৪ সালে ৯৭তম এবং ২০২৫ সালে ১০০তম স্থানে ছিল।

উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ অবস্থান: হালনাগাদ তথ্যানুযায়ী, বাংলাদেশের মতো উত্তর কোরিয়ার নাগরিকরাও আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৫টি দেশে প্রবেশের অধিকার পান। এর মধ্যে সম্পূর্ণ ভিসামুক্ত দেশ প্রায় ৮ থেকে ১০টি এবং বাকি ২৫ থেকে ২৭টি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকে দেশটি। ২০২৫ সালে ৯৯তম স্থানে থাকা উত্তর কোরিয়া দুই ধাপ এগিয়ে বাংলাদেশের সঙ্গে একই স্থানে এসে দাঁড়িয়েছে।

শীর্ষে সিঙ্গাপুর, শক্ত অবস্থানে জাপান ও আমিরাত: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে অবাধে ভ্রমণ করতে পারেন। ১৮৮টি গন্তব্য নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আর ১৮৭টি দেশ নিয়ে এককভাবে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ড যৌথভাবে সূচকের ১০ম স্থানে রয়েছে। তাদের নাগরিকরা আগাম ভিসা ছাড়া ১৮৩টি দেশে যাতায়াত করতে পারেন। ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ১৬৯টি গন্তব্য সুবিধা নিয়ে যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ইউক্রেন রয়েছে ৩১তম (১৪২টি দেশ) এবং রাশিয়া রয়েছে ৪৭তম (১১৪টি দেশ) স্থানে।

মন্তব্য করুন