শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে এক যুবলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদ্য সমাপ্ত শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার ‘নিউ লাইফ হাসপাতাল’ ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মাত্র চার দিন আগে নাজমুন নাহার স্বপ্না ওই ভবনের পঞ্চম তলায় দুই কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর ঘর থেকে অবুঝ শিশুদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে যান। ভেতর গিয়ে কক্ষের সিলিংয়ের সাথে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার সময় তাঁর সন্তানেরা ওই বাসাতেই অবস্থান করছিল।
নিহত নাজমুন নাহার স্বপ্নার মূল বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাংলাইস গ্রামে। তাঁর বড় ভাই মোতালেব হোসেন বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপ্নার ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে হয়েছিল। তাঁর প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তির নাহারা গ্রামে। সেখানে থাকাকালীন তিনি একটি লেডিস টেইলার্স পরিচালনা করতেন। ওই সংসারে তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে বনিবনা না হওয়ায় তাঁদের বিচ্ছেদ ঘটে।
এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। সেই সংসারও টিকেনি। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। পরবর্তীতে তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে আমরা একটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ নিয়ে তদন্ত চলছে।”
এআইএল/সকালবেলা
|