বাউফলে এনজিও ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
বাউফলে এনজিও ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

ইব্রাহিম ফরাজি, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) শাখা ম্যানেজারের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী আদালতে মামলা দায়ের করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

অভিযুক্ত মো. আব্বাস খান বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এর বাউফল শাখার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

আদালতে দাখিল করা এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, তিনি ‘পদক্ষেপ’-এর বাউফল শাখা থেকে ১ লাখ টাকা ঋণ গ্রহণ করে নিয়মিত কিস্তিতে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। তবে ঋণ গ্রহণের পর থেকেই শাখা ম্যানেজার আব্বাস খান বিভিন্ন অজুহাতে তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন। ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তিনি একাধিকবার কুপ্রস্তাব দেন এবং তাতে রাজি না হলে কিস্তি নিয়ে হয়রানির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) সকাল প্রায় ১১টার দিকে অভিযোগকারী নারী তাঁর বাড়ির সামনে অবস্থানকালে আব্বাস খান ঘরে প্রবেশ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী জানান, ঘটনার পর তিনি বাউফল থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করেন। বর্তমানে অভিযুক্তের এমন আচরণে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্বাস খান দাবি করেন, “সংস্থার ঋণের টাকা বকেয়া থাকায় তা চাওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হয়ে সম্পূর্ণ সাজানো একটি মামলা করেছেন। এটি কোনোভাবেই কাম্য নয়। আমি ন্যায়বিচার চাই।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আদালতের আদেশ গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন