ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
ইমনকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম আলোচিত ও একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেল থেকে ফটিকছড়ি উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, উপজেলার কাঞ্চননগর এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে ইমনের পরিবারের কয়েকজন সদস্যের মোবাইল ফোন হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হলেও এখনও ইমনের নাগাল পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা মো. মুসার ছেলে ডেভিড ইমন মূলত ইন্টারপোলের তালিকাভুক্ত ও বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর (বড় সাজ্জাদ) অন্যতম প্রধান বিশ্বস্ত সহযোগী। দীর্ঘদিন ধরে সে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প গ্রুপকে টার্গেট করে বড় অঙ্কের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে ২০২৫ সালের বাকলিয়ার জোড়া খুন এবং পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি নগরের চকবাজার এলাকার ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল সোমবার (১৩ জুলাই) ২০-২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল প্রকাশ্য দিবালোকে ওই অফিসে হামলা চালায়। তারা কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর করে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনের নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার একটি অডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের নিজ এলাকা ফটিকছড়ির কাঞ্চননগরে তাকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে জেলা পুলিশের বিশেষ টিম।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন