গাজীপুরে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা গ্রেপ্তার
মহিউদ্দিন আহমেদ, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল মোল্লা গোপনে দেশ ছেড়ে মালয়েশিয়া পালানোর চেষ্টা করছিলেন। বিমানবন্দরের বহির্গমন এলাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে শনাক্ত করে আটক করে এবং গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে টঙ্গী পশ্চিম থানার একটি হত্যা মামলায় (মামলা নং-০৩) গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
নিহত বিল্লাল মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা ও নাশকতার অভিযোগে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।