বৌদ্ধ কল্যাণ ট্রাস্টির বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
বৌদ্ধ কল্যাণ ট্রাস্টির বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: ধর্ষণ মামলা তুলে নিতে এক তরুণীকে হুমকি ও নানাভাবে চাপ প্রয়োগের গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণীর দাবি, ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁকে মামলা প্রত্যাহারে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে, যার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর বিমানবালা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি আইটি প্রতিষ্ঠানে ওই তরুণীকে ডেকে নেন দয়াল কুমার বড়ুয়া। চাকরির আশায় সেখানে গিয়ে তিনি যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পরদিন তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে দয়াল কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই তরুণী। ঘটনার দেড় মাস পর ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। তবে বর্তমানে জামিনে রয়েছেন মামলার অভিযুক্ত দয়াল কুমার বড়ুয়া।

ভুক্তভোগীর অভিযোগ, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন প্রকাশের পর থেকেই মামলা তুলে নিতে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও প্রলোভন দেখানো হচ্ছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তিনি এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

এদিকে মামলার বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে দয়াল কুমার বড়ুয়া বলেন, “আমার সঙ্গে বাদীর কোনো দিন আগে-পরে সাক্ষাৎ হয়নি, কেবল একবার কোর্টে দেখা হয়েছিল।” মামলার বিষয়ে তিনি আরও বলেন, “আদালতে মামলা চলছে, এ বিষয়ে আমার আইনজীবী বিস্তারিত বলতে পারবেন।”

এআইএল/সকালবেলা