বাংলামোটরে গাছে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
বাংলামোটরে গাছে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক ঃ রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বাংলামোটরের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার (১১ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে বাংলামোটর এলাকার ওই পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে স্থানীয় কিছু লোক বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভেতরের গাছে এক যুবকের দেহ ঝুলতে দেখেন। পরে তাঁরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবরের ভিত্তিতে শাহবাগ থানা-পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

এসআই শহিদুল ইসলাম আরও বলেন, “ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরেই স্পষ্ট হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও প্রযুক্তির সহায়তায় তাঁর সঠিক পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।”

এদিকে, জনাকীর্ণ বাংলামোটর এলাকার পরিত্যক্ত বাড়িতে এভাবে রহস্যজনক উপায়ে তারে ঝুলন্ত লাশ পাওয়ার ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে শাহবাগ থানা-পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন