রাঙামাটি–বান্দরবান সড়কে সেতু ধস, বন্ধ যান চলাচল
গত কাল শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় এই সেতু ধসের ঘটনা ঘটে। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে ওই সড়কে সব ধরনের ছোট-বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে শত শত গাড়ি ও হাজারো সাধারণ মানুষ আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে ওই এলাকায় পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল। পানির অতিরিক্ত চাপের কারণে সেখানকার একটি রাবার ড্যামের সুরক্ষামূলক বেড়িবাঁধ ভেঙে যায়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে পানির তীব্র তোড়ে ও মাটির ক্ষয়ে সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। ব্যস্ততম এই সেতুটি ভেঙে যাওয়ায় আজ সকাল থেকে নিজ নিজ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষেরা চরম বিপাকে পড়েছেন।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই ক্ষতিগ্রস্ত সেতুর অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হলেও প্রশাসনিকভাবে এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন।
সেতু ধসের তথ্য ও বর্তমান পরিস্থিতি জানিয়ে বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন আজ শনিবার (১১ জুলাই) বেলা পৌনে একটার দিকে জানান, ‘বান্দরবান থেকে দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় মূল সড়ক এবং একাধিক সেতু বন্যার পানিতে ডুবে রয়েছে। যার কারণে আমাদের প্রকৌশলী ও উদ্ধারকারী টিম এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। আশপাশের বন্যা পরিস্থিতি ও পানি কমলে দ্রুত সময়ের মধ্যে সেখানে বিকল্প বেইলি সেতু সংযোগ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ওই অঞ্চলের সামগ্রিক বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এবং সেতুটি যান চলাচলের উপযোগী করতে ঠিক কত সময় লাগতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
|