সুনামগঞ্জে চোরাই গরুসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জে চোরাই গরুসহ গ্রেপ্তার ৫

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ একজন এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চার নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

থানা পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার একটি চুরি মামলার সূত্র ধরে এসআই ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল (১০ জুলাই) শুক্রবার রাতে মো. কালা মিয়া (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। সে জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মো. তারেক মিয়ার ছেলে। এ সময় তার হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি মূল্যবান গাভী গরু উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের নিয়মনীতি লঙ্ঘন করে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আজ শনিবার (১১ জুলাই) দুপুরে চার নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইলের কালিয়া উপজেলার পারভিন বেগম (৪০) ও পুতুল খানম (৩৯), সাতক্ষীরার কলারোয়ার মোছাঃ আকলিমা খাতুন (৪৪) এবং যশোরের কোতয়ালী থানার মোছাঃ রেবেকা খাতুন (৫১)।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন