বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত আরিফের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকার লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তাঁরই ঘনিষ্ঠ কয়েকজনের দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাঁকে হন্যে হয়ে খুঁজছিল। গভীর রাতে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের বোন রুমি অভিযোগ করে বলেন, তাঁদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের সৃষ্টি হয়। তাঁর দাবি, সেই অর্থনৈতিক বিরোধের জের ধরে মামা বাদল ভাড়াটে খুনি লেলিয়ে দিয়ে সেলিম, জীবন, নাহিদসহ কয়েকজনের মাধ্যমে তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করিয়েছে। তবে এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে একাধিক ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বজনদের অভিযোগসহ সম্ভাব্য সব দিক মাথায় রেখে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
এআইএল/সকালবেলা
|