বন্যার্তদের খোঁজ নিতে আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সামগ্রিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
গতকাল শুক্রবার তিনি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা সশরীরে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া দাখিল মাদ্রাসা এবং কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে স্থাপিত আশ্রয়কেন্দ্রে যান। সেখানে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আশ্রয় নেওয়া মানুষের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন এবং তাদের মাঝে সরকারি ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন।
আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বর্তমান অবস্থা ও স্থায়িত্ব সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে বাঁধসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং তাদের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|