পীরগাছায় শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পাওটানা হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের শমেস উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী ওই শিশুর প্রতিবেশী দাদা হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগী শিশুকে অভিযুক্ত শহীদুল ইসলাম তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘরে কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে।
বিকেলে উপজেলার পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক অভিযুক্ত শহীদুলকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, এই বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আজ শনিবার (১১ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|