পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ২৫টি উন্নতমানের হুইলচেয়ার এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৮টি আধুনিক সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ ধরনের মানবিক ও কর্মমুখী সহায়তা অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা বাড়িতে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তিরাও হুইলচেয়ার পাওয়ার ফলে সমাজে আর বোঝা হয়ে থাকবেন না।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন