সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে সশস্ত্র হামলা ও ভাঙচুর: গ্রেপ্তার ও শাস্তির দাবি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর বিপনী মার্কেটে একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে সশস্ত্র হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। দিনে-দুপুরে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়, যা ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের স্বার্থের বিরুদ্ধে যায়। প্রকাশিত সংবাদে নিজের ২ থেকে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে—এমন অভিযোগ তুলে ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সরাসরি জেলা সদরে সাংবাদিকের কার্যালয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা অফিসে ঢুকেই উচ্চস্বরে চিৎকার শুরু করে এবং সাংবাদিক আব্দুস সালামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা নির্ধারিত সময়ের মধ্যে না দিলে তাকে “বড় ধরনের খেসারত” দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। এ সময় সন্ত্রাসীরা অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। উপস্থিত সাংবাদিক ও কর্মচারীদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখা হয় এবং সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা হুমকি দেয়—দ্রুত চাঁদার টাকা না দিলে পুনরায় হামলা এবং প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।
জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে এ ধরনের দুর্ধর্ষ হামলায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিকরা একে সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। সুনামগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।
এম.এম/সকালবেলা
|