ফেনী পাইলট হাইস্কুলের সামনে কিশোর গ্যাংয়ের হামলা: কলেজ ছাত্র আহত

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ
ফেনী পাইলট হাইস্কুলের সামনে কিশোর গ্যাংয়ের হামলা: কলেজ ছাত্র আহত

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী সরকারি পাইলট হাইস্কুলের সামনে ফের কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কলেজ ছাত্র আহত হওয়ার পাশাপাশি তার নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনার বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা মো. জিবরান তায়েবী রুদ্র (২০) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে ইফতার শেষে শহরের শহীদ মার্কেটের ইউনিক ফ্যাশন দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি পাইলট হাইস্কুলের সামনে পৌঁছালে মো. রুবেল ভূঁঞার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার পথরোধ করে। 

এরপর তারা ভুক্তভোগীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পাইলট হাইস্কুল মাঠে নিয়ে যায় এবং ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ভুক্তভোগীর মানিব্যাগ থেকে নগদ ৪ হাজার ৭০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি ছিনিয়ে নেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ফেনী শহরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ভুক্তভোগীর অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সত্যতা যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন