মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপিত

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আহাদ সুমন মিনি স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাতটায় উপজেলা সদরের অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল আটটায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর শুরু হয় বর্ণাঢ্য মার্চপাস্ট ও কুচকাওয়াজ।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহনুর জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে থেকে সালাম গ্রহণ করেন মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের

কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের সুসজ্জিত কন্টিনজেন্ট অংশ নেয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

 দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ আহাদ সুমন মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতি একাদশ ও উপজেলা প্রশাসন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।

দিবসটি ঘিরে পুরো উপজেলা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সরকারি-বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন