সিরাজদিখানে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১০টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
গত ১৯ জুন সংঘটিত এক মারামারির ঘটনায় নিহত ইলিয়াস মোল্লা (৫৫)-এর পরিবার, একই ঘটনায় গুরুতর আহত এছাক (৬৫)-এর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী যৌথভাবে এই মানববন্ধনের ডাক দেয়।
ঘণ্টাব্যাপী চলা এই শান্তিপূর্ণ মানববন্ধনে ছাতিয়ানতলী গ্রাম ও আশপাশের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে দোষীদের ফাঁসি ও বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিহতের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে পিটিয়ে ও আঘাত করে হত্যা করা হয়েছে। বক্তারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত আসামিদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে মামলার যে সমস্ত এজাহারনামীয় আসামি এখনো পলাতক রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, ইলিয়াস মোল্লাকে হারিয়ে তাঁর পরিবার আজ দিশেহারা। অন্যদিকে একই ঘটনায় আহত এছাক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অন্যায়ের সুষ্ঠু ও সঠিক বিচার না হওয়া পর্যন্ত এবং সব অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবেন বলে হুঁশিয়ারি দেন।
এআইএল/সকালবেলা
|