জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী বাহিনীর হামলায় র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)। তিনি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের সমাজ এলাকার প্রয়াত আব্দুল মালেকের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, সীতাকুণ্ড থানায় দায়ের করা র্যাব সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অবস্থান করছেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, জঙ্গল সলিমপুরের ওই বর্বরোচিত হামলার ঘটনায় দণ্ডবিধির ৩০২, ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ২৬৪, ৩৪২ ও ৪২৭ সহ বিভিন্ন ধারায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ও বিচারিক প্রক্রিয়া গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত দুই দিনে এই চাঞ্চল্যকর হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত সেই দুই আসামি হলেন— আলী আকবর (২৬) ও মো. ইমরান (২৫)। জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
|