নাগরপুরে পাটখেত থেকে লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের তিন দিন পর একটি পাটখেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শওকত মোল্লা উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটখেতে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবরটি ছড়িয়ে পড়লে নিখোঁজ শওকত মোল্লার পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিহিত পোশাক ও অবয়ব দেখে মরদেহটি শনাক্ত করেন। পরে খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই আয়নাল মোল্লা জানান, গত তিন দিন ধরে তাঁর ভাই শওকত মোল্লা হঠাৎ নিখোঁজ ছিলেন। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর শুনে তাঁরা সেখানে যান এবং তাঁর ভাইয়ের লাশ শনাক্ত করেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শওকত মোল্লার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, এই মৃত্যুর সঠিক কারণ বা ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে।
এআইএল/সকালবেলা
|