কুষ্টিয়ায় চালককে গাছে বেঁধে ভ্যান ছিনতাই
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে এক ভ্যানচালককে রাতের আঁধারে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গাছের সাথে বেঁধে টাকা, মুঠোফোন ও ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালকের নাম ওসমান (৩৩)। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে দূরপাল্লার একটি ভাড়া শেষ করে নিজের ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন ওসমান। পথিমধ্যে মিরপুরের ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাঁর গতিপথ রোধ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে সড়কের পাশে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ওসমানের হাত-পা একটি গাছের সাথে শক্ত করে বেঁধে তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
ডাকাত দল পালিয়ে যাওয়ার পর ওসমানের গোঙানি ও চিৎকার শুনে মাঠের পাহারাদার এবং স্থানীয় লোকজন বাগানে ছুটে যান। তাঁরা ওসমানের বাঁধা অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ডাকাতির খবর পাওয়ামাত্রই পুলিশ ভ্যানচালককে উদ্ধার করেছে। এই চক্রের সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। লুণ্ঠিত ভ্যান ও মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।"
এআইএল/সকালবেলা
|