বসফরাস প্রণালিতে ট্রানজিট ফি বাড়াল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্তকারী বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগত নৌপথ বসফরাস ও দারদানেলস প্রণালিতে জাহাজের যাতায়াত বা ট্রানজিট ফি প্রায় ১৫ শতাংশ বাড়িয়েছে তুরস্ক। দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় আজ বুধবার (১ জুলাই) রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি-কে এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১ জুলাই থেকেই এই বর্ধিত ফি কার্যকর হচ্ছে। এখন থেকে প্রণালি দুটি পারাপারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে প্রতি টনের জন্য ৬.৭০ মার্কিন ডলার হারে ট্রানজিট ফি দিতে হবে। এর আগে ২০২২ সাল থেকে এই ফি ছিল প্রতি টনে ৫.৮৩ মার্কিন ডলার।
তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এটি তাদের নিয়মিত বার্ষিক পর্যালোচনারই একটি অংশ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে ট্রানজিট ফি বৃদ্ধির ধারাবাহিকতায় এটি সর্বশেষ পদক্ষেপ। এর আগে ১৯৮৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর এই দুই প্রণালির ট্রানজিট ফি প্রতি টনে মাত্র ৮০ সেন্টে অপরিবর্তিত ছিল। পরবর্তীতে ২০২২ সালে আঙ্কারা তাদের নীতিগত পরিবর্তন এনে এক লাফে ফি পাঁচ গুণেরও বেশি বাড়িয়ে প্রতি টনে ৪.৮ ডলারে উন্নীত করে।
দেশটির পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালওগলুর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই দুই প্রণালি দিয়ে জাহাজ চলাচল থেকে তুরস্কের প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রাজস্ব আয় হতে পারে। যা আগের অর্থবছরের আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার বেশি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বসফরাস ও দারদানেলস প্রণালির নৌ-যান চলাচল মূলত ১৯৩৬ সালের ঐতিহাসিক ‘মন্ট্রো কনভেনশন’ চুক্তি অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। এই আন্তর্জাতিক চুক্তির আওতায় বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের বৈশ্বিক নিয়ম নির্ধারিত থাকলেও, এর টোল বা ট্রানজিট ফি নির্ধারণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার একক নিয়ন্ত্রণ তুরস্কের হাতে ন্যস্ত রয়েছে।
তথ্যসূত্র: ডেইলি সাবাহ
এআইএল/সকালবেলা
|