২০২৮ থেকে চালু হবে নতুন শিক্ষাক্রম
অনলাইন ডেস্ক : দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আগামী ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি এবং তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষামন্ত্রী বলেন, "প্রস্তুতির জন্য স্বল্প সময় পাওয়ায় ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হচ্ছে না। তবে ২০২৮ সাল থেকে আমরা নিশ্চিতভাবেই নতুন শিক্ষাক্রমে যাচ্ছি।" এই শিক্ষাক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবং সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের শিক্ষাক্রমকে এমনভাবে রূপান্তর করছি, যেখানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং সংস্কৃতি ও ক্রীড়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। আমরা সহশিক্ষা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে চাই।"
শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়ে মাহ্দী আমিন আরও জানান, নতুন এই শিক্ষাক্রমে কারিগরি ও পেশাগত শিক্ষাকে বাধ্যতামূলক করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেশের শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
|