গাজীপুরে ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
গাজীপুরে ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে টানা কয়েক দিনের শ্রমিক ধর্মঘট ও অসন্তোষের জেরে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ বুধবার (১ জুলাই) দুপুর থেকে দুই হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী সম্বলিত এই পোশাক কারখানাটি বন্ধ ঘোষণা করে ফটকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা কারখানায় সম্পূর্ণ বে-আইনিভাবে ধর্মঘট ডেকে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ তাদের বারবার কাজে যোগদান করার জন্য অনুরোধ ও আহ্বান জানালেও ৩০ জুন পর্যন্ত শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখে। এমতাবস্থায় কারখানার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাধ্য হয়ে ১ জুলাই থেকে ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৩ (১) ধারা মোতাবেক ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও সাধারণ শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন কারখানার ভেতর রুবিনা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কারখানার নিজস্ব মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। ওই দিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন ২৮ জুন সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর কারখানার ভেতরে জানাজানি হলে অন্য শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে দেয়। আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং সঠিক সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করার কারণেই রুবিনার মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই কারখানার ভেতরে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছিল।

জানা গেছে, মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকায় একটি বাসা ভাড়া থেকে ইসলাম গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন