দেশে যুক্ত হচ্ছে তিন উপজেলা ও একটি থানা

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
দেশে যুক্ত হচ্ছে তিন উপজেলা ও একটি থানা

অনলাইন ডেস্ক :  দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো— চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠন করা হচ্ছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প’ এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো এখন থেকে প্রশাসনিকভাবে ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিকার চূড়ান্ত প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলার বর্তমান ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নকে পৃথক করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হবে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হচ্ছে ‘বাঙ্গরা’ উপজেলা। এছাড়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ তৈরি করা হয়েছে।

নিকার এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

উচ্চপর্যায়ের এই বৈঠকে আরও অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত সচিবরা।

মন্তব্য করুন