ফতুল্লায় ঝুটের গুদামে আগুন

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
ফতুল্লায় ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুটসহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার ‘মা মারজান এন্টারপ্রাইজ’ নামের একটি ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হুট করেই গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের স মিলের কাঠ ও চায়ের দোকানেও ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দারা দ্রুত তাদের ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনা করে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মাথায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টার দিকে তা সম্পূর্ণ নির্বাপন করা হয়।

তিনি আরও জানান, আগুনে প্রায় ১৫০ ফুট দীর্ঘ সেমিপাকা ঝুটের গুদামটি এবং পাশের একটি চায়ের ও কাঠের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে পাশের অন্যান্য স্থাপনা ও প্রায় ১ কোটি টাকার মালামাল বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

প্রাথমিক তদন্ত ও পরিদর্শনের পর ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণে সুনির্দিষ্ট তদন্ত চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন