ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় পাওয়ার টিলার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন খোকন (৫৫) নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

আজ বুধবার (১ জুলাই) সকালে উপজেলার মির্জার বাজার এলাকার রোশন ফকিরের মাজারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন খোকন ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ছাগলনাইয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আমজাদহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি মির্জার বাজার এলাকার রোশন ফকিরের মাজারের সামনে পৌঁছালে আচমকা জমি থেকে একটি পাওয়ার টিলার সরাসরি প্রধান সড়কে উঠে আসে। এ সময় দ্রুতগতির সিএনজি অটোরিকশাটির সাথে পাওয়ার টিলারের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় চালকের পাশে বসা যাত্রী সাহাব উদ্দিন খোকন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয় বাসিন্দারা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলার এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন